ভৈঁরো
১
কেউ কি রয়েছে আরও
এই গাছগাছালির
পাতপাতালির ফাঁকে-ফাঁকে
তাকিয়ে থাকার মতো?
না কি কেউ আসন্ন এখনই
বা কারও আগাম আগমনী
ঘোষে এই ম্যাগপাইগুলি?
জংলি জলপাইরাঙা ভোরে
উৎকন্ঠায় আছি –
কিচ্ছুটি নয়, শুধু
এক কাপ কফি পেলে বাঁচি!
২
এই ঋদ্ধি আমায় যাচে
আমি এর কাছে
অনর্থক নই।
রতক্লান্তির অবসানে
এই মরকত-প্রতিভ উদ্যানে
আমি অনর্থক নই।
৩
নানা কথা গোলমাল -
বাতাস ফিসফিস বলে,
চুপ কর!
চুপ কর!
তর্ক আমি জুড়ি--
আর এক অজানা ফুল
ঘুম ভেঙে করুণ তাকায়
রুগ্ন
আমি অপ্রতিভ।
৪
ঝড়ে বৃষ্টি ঝরঝর
এই বৃষ্টি সুন্দর
এক ঘন্টা অপেক্ষায় আছি
ঝড়ে বৃষ্টি ঝরঝর
এই বৃষ্টি সুন্দর
এক কাপ কফি পেলে বাঁচি
ঝড়ে বৃষ্টি ঝরঝর
এই বৃষ্টি সুন্দর
আমিও আমার কাছাকাছি।
৫
ঐ আসে ভৈরব হরষে
বরফ-বাতাস
তার মাইডাস-পরশে
জমে নাভিশ্বাস।
হা শখের স্যানিটোরিয়াম!
বাহূল্য স্মৃতির নীলগিরি
মধ্যিখানে গোমড়া-থেরিয়ামঃ
হারাকিরি
হু হু
হারাকিরি!
৬
সুধাসাগরের তীরে
বড় শীত
ছোট সাইজ জুতার ভিতরে
পা ককায়
সুধাসাগরের তীরে
ঢেউ গণি
নোতুন চাকরি,
বস নাই –
দারুন চাকরি, রোশনাই
শুধু,
এক কাপ কফি পেলে বাঁচি। |